
হেলাল শেখঃ আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ৪ নং ইয়ারপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত এক নারীসহ মোট ১০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ারপুর ইউনিয়নের ইতিহাসে এই প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রাশিদা আক্তার রিনা প্রার্থিতা ঘোষণা করেছেন। এছাড়াও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার মন্ডল, মো. দেলোয়ার হোসেন সরকার, দেলোয়ার মীর, মো. আবুল হোসেন মীর, ব্যারিস্টার আজিজুল হক মীর, তাঁর আপন বড় ভাই মো. আমিনুল ইসলাম দুলাল মীর, অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানসহ মোট ১০জন।
স্থানীয়দের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে অন্তত ছয়জন মাঠে সক্রিয় রয়েছেন। দলীয়ভাবে শেষ পর্যন্ত একজনকে সমর্থন দেওয়া হলেও অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা রয়েছে।
ইয়ারপুর ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ১নং ওয়ার্ডের মীরবাড়ি থেকেই আপন দুই ভাই ব্যারিস্টার আজিজুল হক মীর ও মো. আমিনুল ইসলাম দুলাল মীর ও আবুল হোসেন মীরসহ ৪জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণার পরই প্রার্থিতা নিশ্চিত হবে।