
মো.জাকির হোসেন।।
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে যানজট নিরসন ও সড়কে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা দখল করে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ছয়জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কেশবপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে সড়ক দখল করে যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি জনস্বার্থে যানজট নিরসন এবং পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধভাবে পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, সড়কে যানজট নিরসনে এর আগেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়েছে। কেশবপুরের সড়কগুলো যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন।