
জয়ন্তী নদীর বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ঘাটের পূর্ব পাশে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ অভিযানে আটককৃত দেলোয়ার হোসেন (৩৪) মুলাদী থানার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলারে তল্লাশী চালিয়ে ট্রলার চালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।