
আলিফ হোসেন,তানোরঃ
কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় রাজশাহীতে জেল সুপারদের নিয়ে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৯ জুলাই) সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর অডিটোরিয়ামে জেল সুপারদের জন্য আয়োজিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং’ কর্মশালায় “কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা,এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।
এদিন উক্ত ক্লাসে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
ক্লাসে পুলিশ কমিশনার পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নকরণ, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটময় পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার, ঝুঁকি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এদিন প্রশিক্ষণে কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী জেল সুপারগণ কারা ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।#