
হেলাল শেখঃ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ৩ ধারায় এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
এতে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(৩) ধারা অনুযায়ী প্রশাসকরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ইয়াসিন ফেরদৌস মুরাদ পূর্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা-তিনি সততা ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করবেন।