আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা ও বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে দেশব্যাপী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রাজনৈতিকভাবে প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলটির কেন্দ্রীয় কমিটির এই কার্যক্রমকে সফল করতে আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ময়মনসিংহ জেলা শাখা। নগরীর টাউন হল মাঠে আয়োজিত এই
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।
রবিবার (২৯শে নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টির ময়মনসিংহ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম ও সদস্য সচিব জসিম উদ্দিন। এসময় তারা আরও জানান- ময়মনসিংহ জেলা শাখার এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ এমপি, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার ও বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ও একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম ও কমিটির সিনিয়র সদস্য মোঃ জসীম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।।