রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ১২তম প্র-তিষ্ঠা বার্ষিকী  বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১৭ Time View

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:

“স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি, স্বপ্ন ছড়িয়ে দিই”— এই প্রত্যয়কে ধারণ করে শিক্ষা, সাফল্য ও সম্ভাবনার ১১ বছরের পথচলা অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর শহীদনগর, অক্সিজেন-বায়েজিদ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মিলিত ক্লাস পার্টি ২০২৬।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রলা টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. মনির আজাদ, ৩ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, জালালাবাদ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সালসাবিল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মোশাররফ খান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. মাইন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম রেজা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম রুবেল , কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রতিটি শিক্ষক ও কর্মীর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১ বছরের অগ্রযাত্রায় তাঁদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিক অবদান প্রশংসার দাবিদার।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে গুরুত্ব দিতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রুবেল। তিনি প্রতিষ্ঠানের ১১ বছরের পথচলা, শিক্ষা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। আনন্দঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্বপ্ন, ভালোবাসা, নিরলস প্রচেষ্টা এবং শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি ১১ বছরের পথচলা সফলভাবে অতিক্রম করেছে। শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে। ১১ বছরের অর্জন ও অভিজ্ঞতাকে পুঁজি করে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং আলোকিত, সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জোবেদা আক্তার, কানিজ ফাতেমা, তহুরা আক্তার, জান্নাতুল নুর আনিশা, তারিকুল ইসলাম ও রোবায়েদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

১১ বছরের অর্জন, অভিজ্ঞতা ও সাফল্যকে সঙ্গে নিয়ে নতুন প্রত্যয়ে ১২ বছরে পদার্পণ করল স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন নতুন প্রজন্মের স্বপ্নপূরণে প্রতিষ্ঠানটির আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin