
স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা কর্মসূচি নাকি ব্যক্তিগত সচেতনতা বেশী কার্যকর” এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে ময়মনসিংহ সদর উপজেলায় জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা কর্মসূচির চেয়ে ব্যক্তিগত সচেতনতাই বেশী কার্যকর” বিষয়ের উপর উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ময়মনসিংহ সিটি এবং সদর উপজেলার মোট ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতার উদ্যোগের ওপর নির্ভর না করে সকল নাগরিককে ব্যক্তিগত ভাবেও সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রতিযোগিতানুষ্ঠানের বাছাইপর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেছেন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখলে বা কোন প্রতিষ্ঠানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর ভরসা না করে প্রত্যেক নাগরিককে ব্যক্তিগত উদ্যোগেও বাড়ীর আঙ্গিনায় কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করাও জরুরি। সকলে মিলেমিশে সম্মিলিত ভাবে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে জানান তিনি। এসময় তিনি- শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ারও আহ্বান জানিয়েছেন
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতানুষ্ঠানে
বিভাগীয় কমিশনার বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাড়ী ঘরের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রহণ করে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এ জন্য শিক্ষার্থীদের নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির বলেন, বছরের এ সময়ে বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন এবং অনেকের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিরোধ। আর প্রতিরোধ নিশ্চিত করতে হলে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডেঙ্গুর সঙ্গে লড়াই করতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।
ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা পরিস্থিতি তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ময়মনসিংহ একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই লাখেরও বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। ফলে শুধু সিটি করপোরেশন কিংবা প্রশাসনের ওপর নির্ভর করে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে।
শিক্ষার্থীদের নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, তোমরা স্কাউট, গার্ল গাইড কিংবা রেড ক্রিসেন্টের সদস্য হও বা না হও, তোমরা সবাই এ দেশের নাগরিক। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই তোমাদেরও নিজের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে জানিয়ে তিনি যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।
তিনি বলেন, কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে। নাগরিকেরা সবাই মিলে উদ্যোগ নিলে ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।
পরে প্রতিযোগিতা শেষে যুক্তি তর্কে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার।।