
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা পরিষদ চত্বরের অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে কাচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ পাওয়া গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ইউএনও কার্যালয়ের নিচতলায় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।
জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে চলে যান। এরপর ২৭ ও ২৮ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় কার্যালয়গুলো বন্ধ ছিল।
রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন তিনি এবং দেয়ালের কিছু অংশ পুড়ে কালো দাগ হয়ে থাকতে দেখা যায়। পরে ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে জানান।
খবর পেয়ে ইউএনও সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত জব্দ করে থানায় নিয়ে যান।
ইউএনও সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তাঁর কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করলেও তাঁরা এ বিষয়ে কিছুই টের পাননি বলে জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।