
আজিজুল ইসলাম, বেনাপোল : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এবং অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ, ভারতীয় ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, নগদ ৩৯০ টাকা, ১৮টি শাড়ি, ১১টি কম্বল, আধা কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।