
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীকে দল বহিষ্কার করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন জানান, দলীয় নীতি ও আদর্শবিরোধী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় কারাগারে থাকায় তাঁকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন বলে দাবি ভুক্তভোগীর।
নারীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে জোর করে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। নিজের নিরাপত্তার কথা ভেবে সে সময় মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন তিনি। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। তবে
শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।