
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রচার কার্যক্রম চালাচ্ছে পশ্চিম প্রেমহার যুব সংগঠন। সংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মসজিদে জুমার দিনের বয়ানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা মুসল্লিদের পড়ে শোনানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের আগে ও বয়ানের সময় ইমামরা সংগঠনের পক্ষ থেকে দেওয়া বার্তায় মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে নিজে বিরত থাকা, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে স্থাপন করা ব্যানার ও ফেস্টুনে মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পশ্চিম প্রেমহার যুব সংগঠনের নেতারা বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।