
খাগড়াছড়ি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির নয়নপুর গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তিনি অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং হামলার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
ঘটনাস্থল পরিদর্শনকালে তাঁরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ায় সংসদ সদস্যদের এ উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।