
তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মনিরুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কুমিল্লা সার্কিট হাউজে অনুষ্ঠিত এ বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বৈঠকে কুমিল্লার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মনিরুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, “মাদকের প্রতিবাদ করতে গিয়ে একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ হবে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি আমাকে অত্যন্ত মর্মাহত করেছে।”
তিনি আরও বলেন, “গুলিবিদ্ধ ছাত্রের মা যখন আমাকে প্রশ্ন করেছেন—‘আমার ছেলে কি স্কুলে যাবে না? স্কুল থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলে আমাদের নিরাপত্তা কোথায়?’—তখন আমার কাছে কোনো উত্তর ছিল না। জনগণ আমাকে নির্বাচিত করেছে, তাই তাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “কুমিল্লা শহর মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আপনারা তৎপর হোন।”
তিনি দৃঢ়ভাবে বলেন, “এই শহরকে মাদকমুক্ত করতেই হবে। এর পেছনে যত প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীই থাকুক না কেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কুমিল্লা থেকে মাদকের সমূলে উৎপাটন চাই।”
বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।