
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় একটি প্রতিষ্ঠানের ব্যাংকের চেকবই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ দুটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশের ‘একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ অফিসের মালামাল দুটি ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় কয়েকজন পাওনাদার এতে বাধা দিলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের (এসআই) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে দুটি ট্রাক মালামাল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলে জামগড়া ছয়তলা এলাকায় একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ ফিটিং দিয়ে ট্রাক দুটির গতিরোধ করে। পরে তারা চালকদের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাক দুটি ও মালামালসহ বেরুণ-তেঁতুলতলার দিকে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ট্রাক ও মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ী আনারুল ইসলাম আকাশ।
তিনি বলেন, “আমার ফার্নিচারের কারখানার মালামাল পুড়ে যাওয়ার পর চাঁদাবাজদের কারণে আমি ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারিনি। আমার কোটি কোটি টাকা গ্রাহকদের কাছে পড়ে আছে এবং আমার গ্রাহকরাও আমার কাছে কোটি টাকা পাবেন। আমি সবার টাকা পরিশোধ করে দেওয়ার কথা বলেছি। গ্রাহকরা অনেক ভালো মানুষ। তাই অফিসের স্থান পরিবর্তনের জন্য দুটি ট্রাক ভাড়া করে মালামাল নিয়ে জামগড়া ছয়তলা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ট্রাকসহ মালামাল ছিনতাই ও লুট করে নিয়ে যায়।” তিনি আরও জানান, ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রতিষ্ঠানের ব্যাংকের চেকবই, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল রয়েছে।
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন, তিনি মামলা করবেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চান। পুলিশ জানায় এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।