
পাবনা প্রতিনিধিঃ
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম নিজ এলাকার মানুষের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন পাবনা ও সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। বছরের পর পর বছর আমার নিজ এলাকা অবহেলিত থাকতে দেখেছি। কোথায় কী সমস্যা রয়েছে, শুধু আমাকে বলবেন। আমি জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের হাত ধরে আমি হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।’
এরআগে তিনি ঢাকা থেকে সড়ক পথে বিকেল ৫টায় কাছিকাটা এলাকায় পৌঁছালে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মোটর সাইকেল শোভযাত্রা নিয়ে চাটমোহর পৌর শহরে পৌঁছান। এরপর আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। আরিফা সুলতাানা রুমা পৌর শহরের আফ্রাত পাড়া মহল্লার সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর মেয়ে।
উপজেলা বিএএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় বালুচর মাঠে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহবায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।।