
আব্দুর রহিম বাবলু।।
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়ায় মরহুম মেলায়ার হোসেন মেম্বারের স্মৃতি স্মরণে নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় ভুলুয়াপাড়া বাংলা বাজার সংলগ্ন মাঠে ভুলুয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। রাতের আলোকসজ্জায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাপনী ম্যাচে চিতোষি বন্ধু মহল একাদশ ও চেহরিয়া ক্রীড়া একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চিতোষি বন্ধু মহল একাদশ ৩–১ গোলে চেহরিয়া ক্রীড়া একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড (ভুলুয়াপাড়া-কনকুইজ) সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও মক্রবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সালাউদ্দিন নিশান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। মরহুম মেলায়ার হোসেন মেম্বারের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।