
হেলাল শেখঃ ঢাকার সাভার- আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৪।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) র্যাব-৪ এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
র্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি’র একটি আভিযানিক দল গত ২৪ এপ্রিল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানাধীন আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি হাইচ গাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১. মোঃ সাদ্দাম হোসেন ওরফে শুটার সাদ্দাম (৩২)
২. মোঃ সেলিম ওরফে শুটার সেলিম (২৮) ৩. মোঃ আলভি (৩০)
গ্রেফতারের সময় সাদ্দাম হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত হাইচ গাড়ি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি সাভার, আশুলিয়া, মিরপুর ও কাফরুল এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। এছাড়া তারা ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো, যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ সংঘটিত হতো।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টির বেশি এবং সেলিমের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।