
এম এ আলিম রিপন,সুজানগরঃ হামের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মালিফা হাবিবুর রহমান বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ। সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) ডাক্তার ওয়াসিম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার রাশেদুল বারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল ও জেলা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ বলেন, শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে অভিভাবকদের নিজ নিজ সন্তানকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে আসার জন্য জোরালো আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) ডাক্তার ওয়াসিম খান জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। সুজানগর উপজেলায় ৩০ হাজার জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।