
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আমাদের রপ্তানি বাজার ধরার প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সরকারি সহায়তা ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, রোগবালাই প্রতিরোধ এবং প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।