
নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
পোরশা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় ক্রীড়া কার্যক্রমের সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধা ও প্রতিভার বিকাশে ক্রীড়ার ভূমিকা এবং সুস্থ সমাজ গঠনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিও গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশ এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজনকে কেন্দ্র করে একাধিক কার্যক্রম ও প্রশিক্ষণ শিবিরও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আশা করা হচ্ছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ক্রীড়াক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করবে এবং স্থানীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়াবে।