রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :

সংস্কারের অ/পেক্ষায় পাইকগাছা শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক, জ/নদুর্ভোগ তীব্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা (খুলনা ) ।।

খুলনার পাইকগাছায় শিবসা ব্রিজের অপরপ্রান্তে সোলাদানা অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভয়াবহ বেহাল অবস্থায় পড়ে আছে। খানা-খন্দে ভরা এই সড়ক এখন যেন মৃত্যুফাঁদ—প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন হাজারো মানুষ। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর ক্ষোভ দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের নিচ থেকে মোটরস্ট্যান্ড মোড় পর্যন্ত প্রায় আড়াইশ’ মিটার সড়ক সম্পূর্ণ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও ইট-খোয়ার স্তূপ—যেন একটি ব্যস্ত আঞ্চলিক সড়ক নয়, বরং পরিত্যক্ত কোনো পথ। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে সৃষ্টি হচ্ছে মরণফাঁদ।

এই সড়ক দিয়ে প্রতিদিন দাকোপ, বটিয়াঘাটা সহ আশপাশের একাধিক উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন। পাশাপাশি সোলাদানা, লস্কর, দেলুটি-লতা ও গড়ইখালীর বাসিন্দাদের জন্য এটি অন্যতম প্রধান যোগাযোগ পথ। ভ্যান, নছিমন, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্তমানে সড়কের এমন অবস্থায় যাত্রা হয়ে উঠেছে চরম দুর্ভোগের নামান্তর।

স্থানীয়দের অভিযোগ, একসময় ভালো অবস্থায় থাকা সড়কটি দীর্ঘদিন ধরে ভারী যানবাহনে বাইনতলা ব্রিজের নির্মাণসামগ্রী পরিবহনের কারণে ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু ক্ষতির পর আর কোনো সংস্কার হয়নি। ফলে এখন সামান্য অসতর্কতায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন—দীর্ঘদিন ধরে এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল থাকলেও কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সড়ক ও জনপদ বিভাগ? দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে জনদুর্ভোগ বিবেচনায় কোরবানির ঈদের আগেই অন্তত বেহাল অংশটি সংস্কারের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

তবে এলাকাবাসীর দাবি—কাগজে-কলমে আশ্বাস নয়, দ্রুত বাস্তব কাজ শুরু হোক। নয়তো এ সড়কই একদিন বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin