
আজিজুল ইসলাম,,যশোরঃ যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে শনিবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্পটি এই অঞ্চলের কৃষিকাজ ও জলাবদ্ধতা নিরসনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রীর এই সফরকালীন সময়ে তার সঙ্গে ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শার্শা ও ঝিকরগাছা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।