
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
ঈদ-উল-ফিতরের পরপরই মো. মোস্তাক মিয়া কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লাবাসী।
গত ২৩ মার্চ তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর মাজার এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সেলিম খান, জামিল চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এরপর ২৪ মার্চ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি পরিষদের বাউন্ডারি এলাকা পরিদর্শন করেন। ডেঙ্গু প্রতিরোধে তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করে পুরাতন জেলা পরিষদের পুকুরপাড়, অডিটোরিয়াম চত্বর এবং আশপাশের সকল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি স্তুপে আগুন দিয়ে তা নিধন করা হয়।
ঈদের পর প্রথম কর্মদিবসেই তিনি জেলার বিভিন্ন উপজেলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসকের এমন সক্রিয় ও জনবান্ধব কর্মকাণ্ড কুমিল্লা জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে।