
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সম্মেলন উপলক্ষে মধুপুর উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলা ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক।
মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।
এ সময় ঘাটাইল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি ইমাম হাসান সোহানসহ মধুপুর, ঘাটাইল ও ধনবাড়ী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মতবিনিময় সভার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার মধুপুর উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।