
নিজস্ব প্রতিবেদক।।
মুন্সীগঞ্জের পূর্ব বাজেথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষকতা জীবনে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জাসিম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ থাকেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান শিক্ষক জাসিম উদ্দিন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন।
এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন উপস্থিত শিক্ষক ও অতিথিরা। তাঁরা বিদায়ী প্রধান শিক্ষকের শিক্ষা ও কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।