রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার

প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা।

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের কুমিল্লার দেবীদ্বারে ছুটে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জেকুইন। উদ্দেশ্য ছিল ভালোবাসার মানুষ নুসরাত জাহান তামান্নাকে বিয়ে করে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়া। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের অসম্মতিতে পূরণ হলো না তাঁর সেই স্বপ্ন। বিয়ের পিঁড়িতে বসার আগেই পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছেড়ে ফিরে যেতে হয়েছে তাঁকে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার বাড়িতে হাজির হন জেকুইন। বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে তামান্নাদের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

জানা গেছে, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা যুবক জেকুইনের সঙ্গে পরিচয় হয় সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার। অনলাইন যোগাযোগের সূত্র ধরে ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা একপর্যায়ে ভালোবাসার সম্পর্কে গড়ায়।

জেকুইন জানান, ভালোবাসার মানুষকে সরাসরি দেখতে এবং বিয়ে করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করার পর শুক্রবার সরাসরি দেবীদ্বারের সুলতানপুর গ্রামে তামান্নার বাড়িতে পৌঁছান।

অন্যদিকে, তামান্নার ইচ্ছা ছিল জেকুইনকে বিয়ে করে চীনে পাড়ি জমানোর। তবে তাঁর বাবা-মা এই বিয়েতে সম্মতি দেননি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়। শেষ পর্যন্ত শুক্রবার মধ্যরাতে পুলিশের সহায়তায় জেকুইন ওই বাড়ি থেকে চলে যান।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়ের সঙ্গে মোবাইল ফোনে ওই ছেলের পরিচয় হয়েছে। সে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা তাকে বলেছি, বিয়ে করতে হলে নিজের পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে আসতে হবে। এসব কাগজপত্র নিয়ে এলে বিয়ের বিষয়টি বিবেচনা করব।’

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। তাঁর ভাষ্য অনুযায়ী, জেকুইন এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের বিষয়ে প্রয়োজনীয় অনুমতিপত্রও তাঁর কাছে ছিল না। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই তাঁকে গ্রাম থেকে চলে যেতে হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে যে বাড়িতে তিনি এসেছিলেন, সেই মেয়ের পরিবার বিয়েতে সম্মত না হওয়ায় রাতেই তিনি বাড়ি ছেড়ে চলে যান।

এদিকে, বিষয়টি নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত বিয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই ফিরতে হলো চীনা যুবক জেকুইনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin