
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. সালাউদ্দিন হাওলাদারের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাড়ু হাওলাদার বাড়ির উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
সভায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে মেম্বার পদপ্রার্থী মো. সালাউদ্দিন হাওলাদার বলেন, আমি এ এলাকারই সন্তান। দীর্ঘদিন ধরে এ ওয়ার্ডে গ্রাম সরকারের দায়িত্ব পালন করে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের বিপদ-আপদে দিন-রাতের তোয়াক্কা না করে পাশে দাঁড়িয়েছি। তাঁদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই এবার মেম্বার পদপ্রার্থী হয়েছি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।
তিনি আরও বলেন, এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ৯ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বাসযোগ্য একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। বিশেষ করে বেহাল রাস্তাঘাট সংস্কার, জরাজীর্ণ ব্রিজের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দেব। জনগণের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা ওয়ার্ডকে মাদকমুক্ত রাখা, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কার এবং জরাজীর্ণ ব্রিজগুলোর উন্নয়নের দাবি জানান।
সালাউদ্দিন হাওলাদার এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।