
আরিফ রব্বানী ময়মনসিংহঃ
স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের অষ্টধার বাজারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ময়মনসিংহ সদর উপজেলা সমন্বয়কারী মো: আবু ছামিউল প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার, বিচারপ্রক্রিয়া, মামলা দায়েরের নিয়ম এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে বাস্তবধর্মী ধারণা দিতে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা, অযথা হয়রানি ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
ভিডিও প্রদর্শনী ও নাটিকা শেষে প্রদর্শিত বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সঠিক উত্তর প্রদানকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে জানার আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন কমিউনিটি পর্যায়ের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলা হয়, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য দূরবর্তী আদালতে যাতায়াত, অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পরিবর্তে আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করা। পাশাপাশি নারী, দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
কমিউনিটি পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের ইতিবাচক ধারণা তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের প্রতি জনগণের আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।