
আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বছর না পেরুতেই সেই বাকপ্রতিবন্ধী কিশোর এবার বিয়ে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এলাকাজুড়ে ফের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটেছে।আত্মহত্যার চেষ্টা কারী কিশোর চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র সুমন আলী(১৮)।
জানা গেছে, বাকপ্রতিবন্ধী কিশোর সুমন আলী তার পিতার কাছে বেশকিছু দিন ধরে বিয়ের জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু সুমন বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে অসম্মতি জানান তার পিতা।
এতে পরিবারের উপর অভিমান করে সন্ধ্যায় চিমনা গ্রামের পাশে ফসলি মাঠে একটি বিদ্যুতের পোলে চড়ে বসে থাকে সুমন। তাকে বসে থাকতে দেখতে পেয়ে গ্রামের লোকজন বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।
খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একইসঙ্গে তানোর ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে পোল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
প্রসঙ্গত,এর আগে চলতি বছরের (২৭ ফেব্রুয়ারী) সকালে কিশোর সুমন আলীকে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিদ্যুতের পোলে উঠে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।#