
হেলাল শেখঃ রাজধানী ঢাকা, সাভার-আশুলিয়া, পাবনার আমিনপুর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও হিলিসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের কারবার যেন থামছেই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ও গ্রেফতার অব্যাহত থাকলেও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ কমছে না। অভিযোগ উঠেছে, অভিযানে মাঝেমধ্যে ছোটখাটো মাদক কারবারি বা কথিত চুনোপুঁটিরা গ্রেফতার হলেও মাদক সরবরাহের নেপথ্যে থাকা বড় ডিলার ও গডফাদাররা অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত (১০ নভেম্বর ২০২৬) তারিখে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গ্রেফতার করা হয়—মোঃ আসিফ ইসলাম ওরফে ইছা (২৫), পিতা মোঃ রিপন ইসলাম এবং মোঃ ফারহান শেখ (২১), পিতা মোঃ হুমায়ুন কবির বাবু। ফারহান শেখ আশুলিয়ার জামগড়া মোল্লাপাড়ায় এনামুল মোল্লার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
অভিযানে ফারহান শেখের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
তবে স্থানীয় সূত্র ও সচেতন মহলের প্রশ্ন, মাদকবিরোধী অভিযানে ছোটখাটো কারবারিরা গ্রেফতার হলেও মাদকের মূল সরবরাহকারী, পাইকারি ডিলার এবং নেপথ্যের অর্থদাতারা কেন আইনের আওতায় আসছেন না?
রাজধানী ঢাকা থেকে শুরু করে সাভার-আশুলিয়া এবং পাবনার আমিনপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাঁদের মতে, শুধু মাদকসেবী কিংবা খুচরা বিক্রেতাদের গ্রেফতার করলেই মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের উৎস, সরবরাহব্যবস্থা, অর্থের লেনদেন এবং বড় ডিলারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সচেতন মহলের দাবি, মাদকবিরোধী অভিযান যেন শুধু চুনোপুঁটিদের গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। মাদক ব্যবসার নেপথ্যে থাকা রাঘববোয়ালদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। মাদকের মূল হোতারা কবে গ্রেফতার হবে? এ প্রশ্নের জবাব চান দেশবাসী।