
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে দেশের সব নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এই আহ্বান জানান। পথসভায় প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।
এর আগে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জে যাত্রাবিরতি করেন এবং এই সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর এই রংপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জোয়ার লক্ষ্য করা গেছে। তারাগঞ্জের পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু এবং সাবেক আহ্বায়ক এডভোকেট মাখদুম আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শনে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুর মহানগরী ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।