
হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার কাজিরহাট স্পীড বোট ঘাট থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ চাকুরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ইং তারিখ সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার কাজিহাট ঘাট এলাকা থেকে তাঁকে আটক করেন আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান। এ সময় তার কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত চাকুরিচ্যুত পুলিশ সদস্য সোহেল রানা শিহাব সে আমিনপুর থানা এলাকার ত্রিমোহনী গ্রামের আবু বক্কারের ছেলে। জানা যায়, পুলিশে কর্মরত অবস্থায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে চাকুরিচ্যুত করা হয়।
আটককৃত সোহেল রানা সিহাব তার মাদক ব্যবসার কথা নিজে স্বীকার করেন এবং আমিনপুর থানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম প্রকাশ করেন। তিনি বলেন, আমিতো ছোট চালান নিয়ে আসি এ এলাকার অনেক বড় ব্যবসায়ী আছে তারা রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় ৪০/৫০ লক্ষ টাকার চালান নিয়ে এসে ব্যবসা করছে।
এ ব্যাপারে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি টিম কাজিরহাট স্পীড বোট ঘাটে অবস্থান করেন। তথ্যের বিবরণ অনুযায়ী পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে জনসম্মুখে পথরোধ করেন। একপর্যায়ে আটক সোহেল রানা শিহাব শিকার করেন তার কাছে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে তার কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত আসামির জবানবন্দীতে অনেক তথ্যই পাওয়া গেছে, সেই তথ্যের ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী যে দলের পরিচয় হোক না কেন সকলকেই গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।