
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট বোর্ড দূর্ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু সহ নয়জন আহত হয়েছেন।
শুক্রবার(১৬ অক্টোবর) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার সুগন্ধা নদীর তীরে এমএম ব্রিকস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক জিসান আহমেদ।
স্পিডবোট চালক মো. আশরাফুল ইসলাম জানান, বিকেলে সুগন্ধা নদীর দপদপিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নলছিটি স্টিমারঘাটে দিকে যাচ্ছিলাম। এসময় স্পিডবোটের পাখায় ময়লা ধরে আমরা থামিয়ে সেগুলো পরিস্কার করে বোট চালু করতেই প্রচন্ড স্পিডে নদীর তীরে ফেলে রাখা ইটের স্তুপের উপরে বোট উঠে যায়। তারপর আর আমার কিছু মনে নেই।
এ ঘটনায় ইউএনও প্রতীক কুমার কুন্ডু, চালক আশরাফুল ইসলাম, আনসার সদস্য জসিম উদ্দিন, রেজাউল আলম, স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন, খান মোহাম্মদ মিল্লাত,জিসান আহমেদ,সিফাত ইসলাম, রায়হান ইসলাম ও খোরশেদ আলম আহত হয়েছেন।
দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং গুরুত্বতর আহত চালক আশরাফুল ইসলাম ও আনসার সদস্য রেজাউল আলমকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন।