
খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ১১ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬:২০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ফাজিলপুর সেরমস্ত টিনওয়ালাপাড়ার মকবার হোসেনের ছেলে হামিদুল ইসলাম (৫০), একই এলাকার মজিবর রহমানের ছেলে মোকছেদ ইসলাম (২৫) এবং দোয়ালীপাড়া চিকলিহাটের সমসের আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৫১)। মাদক সেবনের অপরাধে হামিদুল ইসলামকে ০৬ (ছয়) মাস, মোকছেদ ইসলামকে ০১ (এক) মাস এবং আব্দুল রাজ্জাককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রাজু মিয়া।
অভিযান চলাকালীন তারাগঞ্জ থানার একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।
ইউএনও মোনাববর হোসেন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।