মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

‎সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ৩৮ বিজিবি বলিপাড়া জোন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬৩ Time View

‎

‎
‎থানচি প্রতিনিধি মথি ত্রিপুরা।
‎
‎বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি মানবিক সহায়তা এবং সম্প্রীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৮ বিজিবি বলিপাড়া জোন।
‎
‎রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বলিপাড়া জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় একাধিক অভিযান, উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খেলাধুলায় সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
‎
‎অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
‎প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিদের আটক, চাঁদের গাড়ি উদ্ধার এবং বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব কার্যক্রমের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে।
‎
‎এ ছাড়া ১৫, ১৬ ও ১৯ জুলাই পরিচালিত অভিযানে অপহৃত একটি বেসামরিক চাঁদের গাড়ি উদ্ধার করা হয়। একই সময়ে মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশসংক্রান্ত ঘটনায় আটক এবং সড়কে চাঁদা আদায়ের অভিযোগে একজনকে আটকের তথ্যও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে।
‎
‎প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে থানচি উপজেলায় বিভিন্ন উৎস থেকে সশস্ত্র গোষ্ঠীর চাঁদা আদায়ের পরিমাণ আনুমানিক ২৭ কোটি টাকা থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে প্রায় ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় এটি প্রায় ৩৭ দশমিক ৩৭ শতাংশ কম বলে জানানো হয়।
‎দুর্গম এলাকায় পর্যটক উদ্ধার ও জরুরি সহায়তা
‎দুর্গম পাহাড়ি এলাকায় বিপদে পড়া পর্যটকদের উদ্ধারে বিজিবির সদস্যরা কাজ করেছেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
‎
‎গত ২৪ জুলাই সাঙ্গু নদীতে তীব্র স্রোতে পর্যটকবাহী নৌকা ডুবে গেলে বিজিবির টহল দল চার পর্যটক, মাঝি ও গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করে।
‎এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর থানচির বাকলাই ঝর্ণা এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং থানচি সদরে পৌঁছে দেওয়া হয়।
‎
‎গত ৫ অক্টোবর ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটে নামার সময় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হন। এ ঘটনায় বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
‎শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা
‎নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলিপাড়া জোন।
‎প্রেস ব্রিফিংয়ের তথ্যমতে, ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৮৫ জন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর ভর্তি, বই ও শিক্ষা উপকরণ সংগ্রহ, শিক্ষাবৃত্তি এবং শিক্ষাব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
‎এ ছাড়া দুর্গম এলাকার ৩৫০ জন দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
‎চিকিৎসাসেবার অংশ হিসেবে ছয়টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬৫৬ জন অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন—এমন ব্যক্তিদেরও সহায়তা করা হয়েছে।
‎খেলাধুলা ও সামাজিক সম্প্রীতি উন্নয়ন
‎স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের উৎসাহিত করতে পাঁচটি কার্যক্রমের মাধ্যমে ৯৩ জন যুবক ও খেলোয়াড়ের মধ্যে ফুটবল, ভলিবল, জার্সি, নেটসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সম্প্রীতি উন্নয়ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী নারী খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়েছে।
‎
‎এ ছাড়া স্থানীয় পর্যায়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈসাবি, বৈসু ও সাংগ্রাই উৎসব আয়োজনেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
‎বন্যাদুর্গত ও অসহায় পরিবারের পাশে বিজিবি
‎প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও বলিপাড়া জোনের উদ্যোগের কথা তুলে ধরা হয়। প্রেস ব্রিফিং অনুযায়ী, তিনটি কার্যক্রমের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮টি পরিবারের ৭৩০ জন সদস্যের মধ্যে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
‎
‎এ ছাড়া অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের বিভিন্ন প্রয়োজন, সামাজিক অনুষ্ঠান, বিবাহ এবং ঘর নির্মাণের মতো মানবিক কাজেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
‎
‎জননিরাপত্তা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়
‎প্রেস ব্রিফিংয়ে বলিপাড়া জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে বিজিবি কাজ করে যাচ্ছে।
‎
‎স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin