
শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়, স্বরূপপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্প সময়ের ঝড়ের তাণ্ডবে কৃষকের মাসের পর মাসের শ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে গেছে।
ঝড়ের আঘাতে বিভিন্ন গ্রামের শিম, বরবটি ও লাউয়ের মাচা ভেঙে মাটিতে পড়ে গেছে। কোথাও কোথাও উপড়ে পড়ে গেছে পুরো সবজি ক্ষেত। মালচিং পদ্ধতিতে চাষ করা বিভিন্ন সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকরা জানান, বাঁশ, জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে যত্ন করে তৈরি করা মাচায় সবজি ধরতে শুরু করেছিল। ভালো ফলনের আশায় অনেকেই বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে মাচা ভেঙে যাওয়ায় তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন এদিকে ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি ধানের ক্ষেতও। বিভিন্ন এলাকায় পাকা ও আধাপাকা ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। অনেক জায়গায় পুরো ধানক্ষেতই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঝড়ে কলাগাছ ভেঙে ও উপড়ে পড়েছে। শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসলের পাতা, ফুল ও ফলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তা, প্রণোদনা এবং সহজ শর্তে কৃষিঋণের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এক রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক কৃষকের মাসের পর মাসের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে গেছে। এখন ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তার অপেক্ষায় তারা।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।