
আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোরের শার্শা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২০০ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ৫ অক্টোবর রাত ৯টা ১৫ মিনিটে রাজনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে রুবেল ব্যাপারীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু সাঈদ নামে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ রাজনগর এলাকার মোহাম্মাদ মনু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছে।
অপরদিকে, শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিনুল হকের নেতৃত্বে মঙ্গলবার ৬ অক্টোবর ভোর ৩টা ৩০ মিনিটে পাকশিয়া বাজারে অভিযান চালিয়ে ব্রিজ সংলগ্ন উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে ২০০ বোতল অবৈধ মাদক দ্রব্য ‘WINCEREX COUGH SYRUP’ ও মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ মোহাম্মাদ সবুজ খান নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সবুজ খান শার্শা থানার গোড়পাড়া নিমতলা এলাকার মোহাম্মাদ জাহান আলী খার ছেলে। এ ঘটনায় তিন জন আসামি পলাতক রয়েছে।
উভয় ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।