
এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনার সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে স্বপন কুমার বিশ্বাসকে আহ্বায়ক এবং জয়ন্ত কুমার কুন্ডুকে সদস্য সচিব করা হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবনির্বাচিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার বিশ্বাস ও সদস্য সচিব জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সুজানগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার করা হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা, অন্যান্য পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে নতুন কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ সুজানগর উপজেলা শাখার নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থানে থেকে সুজানগর উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে কোনো বিপদ-আপদে দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে তাদের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান এবং নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।