
হেলাল শেখঃ ঢাকার সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতার রায়হান ইসলামের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মোঃ বকুল ও রাশেদা বেগমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের ২৬৮/২ নম্বর ঠিকানায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।