
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কোনো নতুন কর আরোপ ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা এবং উন্নয়ন খাতে ৪৮ কোটি ৩ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, প্রকৌশলী নুর মো. শাহাজাহান, হিসাবরক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
বাজেটে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন এবং হাটবাজার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।