
হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ইউনিয়ন গুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে আলোচনায় রয়েছেন আশুলিয়া থানা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোছা. রিনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে জনসমাগমস্থলে তাকে নিয়ে আলোচনা চলছে। এলাকাবাসীর একাংশের মতে, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের বিভিন্ন সমস্যায় সহযোগিতা করার কারণে তিনি এলাকায় ইতিবাচক পরিচিতি অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, ইয়ারপুর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও নিরাপদ ইউনিয়নে পরিণত করতে সৎ ও জনমুখী নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, নারী প্রার্থী হিসেবে রিনা আক্তার সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।
রিনা আক্তার বলেন, পরিবার ও সমাজে মাদক একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক আন্দোলনে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি ইউনিয়নের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমার মূল লক্ষ্য ইয়ারপুর ইউনিয়নকে একটি সুন্দর, আদর্শ, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের সেবক হিসেবে কাজ করে যাবো।”
একজন স্থানীয় বাসিন্দারা জানান, এই ইউনিয়নে প্রায় ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রচারণা চালাচ্ছেন।