
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎকে সরকারিভাবে খাস ইজারাভুক্ত করার দাবী জানিয়েছেন স্থানীয় মৎস্য আড়তদার সমবায় সমিতির সদস্য ও এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সব শর্ত পূরণ করেও আড়ৎটি খাস ইজারার আওতায় না আসায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত
আবেদন করেছেন।
২০২৩ সালে নিবন্ধিত কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতি লি: এর উদ্যোগে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে আধুনিক মৎস্য আড়ৎ গড়ে তোলা হয়েছে। বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ৬০-৭০ মেট্রিক টন মাছ এখানে আসে এবং প্রায় ১ কোটি ৩০-৪০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।
স্থানীয়দের দাবী,এই আড়ৎকে কেন্দ্র করে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সকল শর্ত পূরণ সত্ত্বেও খাস ইজারা না হওয়ায় সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী জানান,আড়ৎটির বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় অর্থনীতির বিকাশ ও সরকারি রাজস্ব বৃদ্ধির স্বার্থে দ্রুত কুতুবের চর মৎস্য আড়ৎকে খাস ইজারাভুক্ত করার দাবী জানিয়েছেন সমিতির সদস্য ও এলাকাবাসী।