
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ – টেকেরহাট আঞ্চলিক সড়ক সংলগ্ন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রশাসন কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলপুর বাজার এলাকায় নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস একাধিকবার বাঁধা দিলেও তারা তা আমলে না নিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন।
পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং দখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, “সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করলে প্রচলিত আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। গোপালগঞ্জে এ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।” তিনি আরো বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি ও সরকারি খাস জমি কোনোভাবেই অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। সরকারি জমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উলপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মহাসিন উদ্দিন, উলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর ফকির, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, কতিপয় ভূমিদস্যুদের দ্বারা দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের প্রবণতা থাকলেও প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দখলদারদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে। এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান রাখতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন সাধারণ জনগণ সহ সচেতন মহল।