
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় নতুন অধ্যায় সূচিত হয়েছে। কারাগারে কর্মরত কারারক্ষী এবং সেখানে অবস্থানরত বন্দীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিতা করতে নানা উদ্যোগ বিশেষ কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করেছেন সিনিয়র জেল সুপার আল মামুন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কারাগারের ভেতরেই আধুনিক ও উন্নত পরিবেশের সেলুন সুবিধা চালু করা হয়েছে। প্রশাসনের এই তড়িৎ ও কার্যকর পদক্ষেপে কারা কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ বন্দীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।চলতি বছরের ১১মে সোমবার আধুনিক সেলুনের উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, আল মামুন সিনিয়র জেল সুপার হিসেবে রাজশাহী কারাগারে যোগদানের পর কারারক্ষীরা তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও চুল কাটার পরিবেশ উন্নত করার জন্য বিনীত আবেদন জানান। দীর্ঘ দিন ধরে কারারক্ষীদের একটি পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে প্রয়োজনীয় সেবা পাওয়ার জোরালো আকাঙ্ক্ষা ছিল। কর্মচারীদের এই ন্যায্য দাবির গুরুত্ব অনুধাবন করে জেল সুপার দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মাত্র তিন সপ্তাহের রেকর্ড সময়ের মধ্যে কারাগারের অভ্যন্তরে একটি সুসজ্জিত ও আধুনিক সেলুন স্থাপন করা হয়। কারারক্ষীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ায় তারা কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কারারক্ষীদের পাশাপাশি কারা বন্দীদের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে তাদের জন্য নির্ধারিত সেলুনটিকেও ঢেলে সাজানো হয়েছে। কারাগারের জরাজীর্ণ ও পুরনো আমলের সরঞ্জামগুলো পরিবর্তন করে সেখানে যুক্ত করা হয়েছে আধুনিক ও উন্নত প্রযুক্তির সামগ্রী। সেলুনের অভ্যন্তরীণ পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক করতে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বন্দীরা জানিয়েছেন, জরাজীর্ণ পরিবেশে সেবা নেওয়ার ভোগান্তি থেকে তারা মুক্তি পেয়েছেন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই সেলুন উদ্বোধন হওয়ায় কারাবন্দীদের মাঝে এক ধরণের মানসিক স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে, যা তাদের সংশোধনাগার জীবনের এক ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
রাজশাহী কারা কর্তৃপক্ষের এমন জনকল্যাণমুখী ও আধুনিকায়ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন সুশীল সমাজ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা। সচেতন মহল বলছেন, কারাগারকে প্রকৃত অর্থেই সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে মানবিক ও আধুনিক পরিবেশ অত্যন্ত জরুরি। সিনিয়র জেল সুপার আল মামুনের এই সময়োপযোগী উদ্যোগের ফলে কারাগারের শৃঙ্খলার পাশাপাশি কর্মিবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। কারাগারের ভেতরের এই ইতিবাচক পরিবর্তনগুলো প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হলো।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন স্থাপন কেবল একটি ভৌত কাঠামো তৈরি নয়, বরং এটি কারারক্ষী ও বন্দীদের প্রতি কর্তৃপক্ষের সংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। এই ধরণের আধুনিকায়নমূলক কার্যক্রম কারাগারের সামগ্রিক চিত্র বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।#