
নিজস্ব প্রতিবেদক
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহে চলমান থাকবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হেপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিক পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়রা বেগম সাথী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও
ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক আসমা-
উল-হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তারা প্রোটিন, ভিটামিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ, সচেতন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।