
হেলাল শেখঃ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি বিভিন্ন অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার মূল আসামি মোঃ কবির হোসেন (৫৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ কবির হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মারিশনপাড়া এলাকার মৃত মোজাফ্ফর মিয়ার ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানা গেছে। র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কবির হোসেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিমানবন্দরে ট্রলিম্যান পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগীদের ভুয়া আইডি কার্ড প্রদান করে বিমানবন্দরে যোগদান করতে বলেন। কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে নিশ্চিত হন।
এ ঘটনার পর ভুক্তভোগীরা যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্ত কবির হোসেন আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।