
মো: সেলিম মিয়া ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
তুচ্ছ একটি বিষয় মাত্র ১০ টাকা। সেই সামান্য টাকা নিয়েই শিশুদের ঝগড়া, আর তা থেকেই ঘটলো নির্মম হত্যাকাণ্ড। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১০ টাকা নিয়ে দুই শিশুর মধ্যে শুরু হয় ঝগড়া। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে অভিযুক্ত তৌহিদ হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে তার চাচি আয়েশা খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আয়েশা খাতুন স্থানীয় বাসিন্দা তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ হোসেন একই গ্রামের লাল মিয়ার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাতিজা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হ’ত্যায় জড়িত অভিযুক্তকে আ’টক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।