
মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা প্রতিনিধি :
কৃষকদের কৃষি সহায়তা নিশ্চিত করতে আজ পহেলা বৈশাখ থেকেই সারা দেশে কৃষি কার্ড বিতরণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ পেতে পারেন এবং সরকারি প্রণোদনা সরাসরি ভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপায় বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আজ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি বলেন, “বর্তমান সরকার অত্যন্ত অল্প সময়ের মধ্যে জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি, তবে বাংলাদেশের মানুষের আগামী দিনগুলো স্বস্তির হবে।”
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রতিমন্ত্রীর নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয় এসময় উপস্থিত ছিলেন মোঃ মাহামুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মো. সৈয়দ উজ্জামান, সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল),আলহাজ্ব গোলাম মোস্তফা, আহ্বায়ক, উপজেলা বিএনপি,হাফিজুর রহমান, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ,সহ উপজেলা প্রশাসন, বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।
শোভাযাত্রার আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক এবং আধুনিকায়নকৃত পৌরমঞ্চের শুভ উদ্বোধন করেন। এছাড়াও তিনি উপজেলা প্রশাসন পরিচালিত ‘উপকূল পাঠাগার’ এর উদ্বোধন ঘোষণা করেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক আরও বলেন, “আগামী দিনগুলো সবার জন্য আনন্দের ও সুন্দর হোক। বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।”
অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদ আয়োজিত বৈশাখী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।