
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি দৈনিক বাংলার প্রতিনিধি মো. তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক জুয়েল রানা মজুমদার, অবজারভার পত্রিকার সাংবাদিক কামরুল হক চৌধুরী, গণশক্তি পত্রিকার মনির হোসেন, ভোরের কাগজের রায়হান চৌধুরী, সকালের সময়ের শরীফুল ইসলাম এবং বর্তমান বাংলার রাজিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
এতে আরও বলা হয়, প্রতি বছরের মতো এবারও আগামী ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।
স্মারকলিপিতে আরও তুলে ধরা হয়, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনাবাহিনী, আনসার, পুষ্টি ও চিকিৎসাসহ বিভিন্ন পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য এমন কোনো উদ্যোগ নেই। এমনকি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা বা স্বতন্ত্র অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এছাড়া ৩ মে পালিত “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়।
এ প্রেক্ষাপটে, “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা ফিরে পাবে।